
রাইজিং স্টার্স এশিয়া কাপকে সামনে রেখে গতকাল প্রাথমিক দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ওই দলে ডাক পেয়েছেন সাব্বির রহমানও। যা নিয়ে সমালোচনার শেষ নেই। ৩৪ বছর বয়সে কেন উদীয়মান ক্রিকেট প্রতিযোগিতায় সাব্বিরকে নেওয়া হলো সেই প্রশ্ন উঠেছে। এর ব্যাখ্যা দিয়েছেন প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন।
বাশার বলেন, ‘এই টুর্নামেন্টে বয়সের কোনো বাধ্যবাধকতা নেই। ‘এ’ দলে সাধারণত আমাদের পরবর্তী সেরা খেলোয়াড়রা থাকে। বয়সের চেয়ে ভবিষ্যতে কারা খেলতে পারে, কাদের প্রস্তুত করা যায়, সেই বিবেচনাতেই দল গঠন করা হয়েছে।’
এই দলে অভিজ্ঞ ক্রিকেটারদের রাখার কারণও ব্যাখ্যা করেছেন প্রধান নির্বাচক, ‘দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আমাদের একদিনের আন্তর্জাতিক সিরিজ আছে। রাইজিং স্টার্স এশিয়া কাপ ভালো একটি প্রতিযোগিতা, এখানে খেললে ক্রিকেটারদের ওয়ানডে সিরিজের জন্যও ভালো প্রস্তুতি হবে। একইসঙ্গে কয়েকজনকে ভবিষ্যতের জন্য, এমনকি তাৎক্ষণিকভাবেও বিবেচনা করছি।’
রাইজিং স্টারস এশিয়া কাপে বাংলাদেশের গ্রুপে আছে আফগানিস্তান, শ্রীলঙ্কা ও হংকং চায়না। অন্যদিকে ভারত-পাকিস্তানও শক্তিশালী দল পাঠাচ্ছে। ফলে শক্ত প্রতিদ্বন্দ্বিতা দেখছেন বাশার, ‘প্রতিযোগিতাটি বেশ কঠিন হতে যাচ্ছে। আমাদের গ্রুপও শক্তিশালী। সেখানে ভালো করতে পারলে আন্তর্জাতিক ক্রিকেটের জন্য এটি হবে দারুণ প্রস্তুতি।’
Leave a Reply