বাগেরহাটের ফকিরহাটে ১২ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাসিব শেখ (২৯) নামের এক যুবককে আটক করেছে ফকিরহাট মডেল থানা পুলিশ। গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার ফকিরহাট বাজারসংলগ্ন নদীর পাড় ও কালীমন্দিরের পেছনের এলাকায় অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করা হয়।
আটককৃত হাসিব শেখ উপজেলার আট্টাকী গ্রামের শহিদ শেখের পুত্র।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ফকিরহাট মডেল থানার একটি বিশেষ টিম বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে ফকিরহাট বাজারসংলগ্ন নদীর পাড় ও কালীমন্দিরের পেছনের এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে সন্দেহভাজন হাসিব শেখকে আটক করা হয়। পরে তার শরীর তল্লাশি করে ১২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
মাদকের বিরুদ্ধে পুলিশের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রজিউল্লাহ খান বলেন, “মাদকদ্রব্যের বিস্তার রোধে পুলিশের নিয়মিত অভিযান ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। মাদক কারবারি ও অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে, এক্ষেত্রে কাউকে কোনো ছাড় দেওয়া হবে না।”
তিনি আরও বলেন, একটি মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা এবং সময়োপযোগী তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করা অত্যন্ত জরুরি।
আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে। ফকিরহাট উপজেলায় মাদকের বিরুদ্ধে পুলিশের এমন ধারাবাহিক অভিযানে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল।
Leave a Reply