বাগেরহাটের মোংলা পৌরসভার বালুরমাঠ এলাকায় অভিযান চালিয়ে ১৫ কেজি গাঁজাসহ চারজনকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৬, সদর কোম্পানি।
বুধবার (২৮ অক্টোবর) রাত ১১টা ৩০ মিনিটে মোংলা পোর্ট পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বালুরমাঠ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন রুমি ইসলাম (৩২), মো. পারভেজ (২১), মোছা. ময়না (২৪) ও মোছা. ফাতেমা (৩০)। তাঁরা সবাই মোংলা পৌরসভার বালুরমাঠ এলাকার শ্রম কল্যাণ রোডের বাসিন্দা।
এসআরবি-৬-এর মিডিয়া উইং জানায়, মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে সদর কোম্পানির একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে। এ সময় তাঁদের কাছ থেকে ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে বিধি অনুযায়ী উদ্ধার করা মাদক জব্দ করা হয়।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে মোংলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। উদ্ধার করা গাঁজাসহ তাঁদের মোংলা থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এসআরবি-৬-এর মিডিয়া উইং আরও জানায়, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধার, ওয়ারেন্টভুক্ত ও সাজাপ্রাপ্ত আসামিদের গ্রেফতার এবং হত্যা ও ধর্ষণসহ গুরুতর অপরাধে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে তাদের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply