
খুলনার ফুলতলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জেসমিন আরাকে সহকারী সার্জন পদে বদলির একদিন পরই সেই আদেশ বাতিল করেছে স্বাস্থ্য অধিদপ্তর। নতুন আদেশে তাকে আবার ফুলতলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) পদে বহাল রাখা হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. জালাল উদ্দিন মোহাম্মদ রুমী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে আগের বদলি আদেশ বাতিল করা হয়।
এর আগে, বুধবার (৭ অক্টোবর) একই কর্মকর্তার স্বাক্ষরে জেসমিন আরাকে খুলনা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে সহকারী সার্জন পদে বদলির আদেশ জারি করা হয়েছিল।
পূর্বের প্রজ্ঞাপন অনুযায়ী, জেসমিন আরা ষষ্ঠ গ্রেডের কর্মকর্তা হিসেবে ফুলতলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) পদে দায়িত্ব পালন করছিলেন। তাকে নবম গ্রেডের মূল পদ সহকারী সার্জন হিসেবে খুলনা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে বদলি করা হয়েছিল।
তবে বৃহস্পতিবারের নতুন প্রজ্ঞাপনে বলা হয়, স্বাস্থ্য অধিদপ্তরের ৭ অক্টোবরের স্মারক নম্বর ৫.০১.০০০০.০০০.০০৪.১৯.০০০১.২৬.৫১-৯৯৬-এর ক্রমিক ১-এর আদেশ বাতিল করা হলো। ফলে আগের পদেই বহাল থাকছেন জেসমিন আরা।

তবে একদিনের ব্যবধানে বদলি আদেশ জারি ও বাতিলের কারণ প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়নি। এ বিষয়ে খুলনা স্বাস্থ্য বিভাগের কোনো কর্মকর্তাও মন্তব্য করতে রাজি হননি।
এর আগে, গত ১৬ সেপ্টেম্বর ‘দুদকের অভিযানেও বদলায়নি ফুলতলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিত্র’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে ফুলতলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের সেবার মান, রোগীদের জিম্মি করে ওষুধ ও পরীক্ষা-নিরীক্ষার বাণিজ্য এবং বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে ধরা হয়।
Leave a Reply