
ফুলতলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জেসমিন আরাকে খুলনা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে বদলি করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বুধবার (৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. জালাল উদ্দিন মোহাম্মদ রুমী এই প্রজ্ঞাপন জারি করেন।
প্রজ্ঞাপন সূত্রে জানা যায়, ফুলতলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জেসমিন আরাকে খুলনা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে সহকারী সার্জন পদে বদলি করা হয়েছে। তিনি ষষ্ঠ গ্রেডের কর্মকর্তার দায়িত্ব পালন করছিলেন। তাকে নবম গ্রেডের মূল পদে ফিরিয়ে নিয়ে এই আদেশ জারি করা হয়েছে।
এর আগে চলতি বছরের গত ১৬ সেপ্টেম্বর ‘দুদকের অভিযানেও বদলায়নি ফুলতলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিত্র’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। সংবাদে রোগীদের সেবার মান, রোগীদের জিম্মি করে ওষুধ ও টেস্ট বাণিজ্য এবং অনিয়মের চিত্র তুলে ধরা হয়।
এ বিষয়ে জানতে জেসমিন আরার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।
তবে খুলনা স্বাস্থ্য বিভাগের একজন কর্মকর্তা বলেন, জেসমিন আরাকে পদাবনতি দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে একাধিক অনিয়মের অভিযোগের তদন্ত চলছিল। তদন্তে তার অনয়ম দুর্নীতি প্রমাণ হওয়ায় হয়তো সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে।
খুলনার ডেপুটি সিভিল সার্জন ডা. মো. শওকত আলী বলেন, তিনি (জেসমিন আরা) নবম গ্রেডের কর্মকর্তা ছিলেন। ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তাকে মূল পদে ফিরিয়ে নেওয়া হয়েছে।
Leave a Reply