
ফ্যামিলি কার্ড কর্মসূচিতে উপকারভোগী নির্বাচনের ক্ষেত্রে প্রক্সি মিনস টেস্ট (পিএমটি) পদ্ধতিতে পরিবারের আর্থসামাজিক অবস্থা যাচাই করা হবে। এ পদ্ধতিতে পরিবারের আয়, সম্পদ, বাসস্থানসহ বিভিন্ন আর্থসামাজিক তথ্য বিশ্লেষণ করে যোগ্য উপকারভোগী নির্বাচন করা হবে।
সোমবার (১২ অক্টোবর) বেলা ২টায় সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে ঢাকায় বাংলাদেশ সচিবালয়ের তথ্য অধিদপ্তর (পিআইডি) অডিটোরিয়ামে এক প্রেস কনফারেন্সে এ তথ্য জানানো হয়। একই সময়ে দেশের সব উপজেলা সমাজসেবা কার্যালয় ও শহর সমাজসেবা কার্যালয় জুম প্ল্যাটফর্মের মাধ্যমে কেন্দ্রীয় অনুষ্ঠানের সঙ্গে যুক্ত হয়।
সরকারের ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় সোমবার (১২ অক্টোবর) থেকে দেশব্যাপী পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হচ্ছে। তথ্য সংগ্রহকারীরা বাড়ি বাড়ি গিয়ে বিশেষায়িত ট্যাবের মাধ্যমে তথ্য সংগ্রহ করে অনলাইন ডেটাবেইজে সংরক্ষণ করবেন।
কর্মসূচির নীতিমালা অনুযায়ী, পিএমটি স্কোর ৮৬০ বা তার কম পাওয়া যোগ্য নারী পরিবারপ্রধান ভাতা পাওয়ার বিবেচনায় আসবেন। তবে সব নারী পরিবারপ্রধান এ সুবিধা পাবেন না। প্রথম তিনটি কোয়ান্টাইলভুক্ত পরিবার থেকে যোগ্য উপকারভোগী নির্বাচন করা হবে।
চলতি অর্থবছরে নতুন করে ৪০ লাখ নারী পরিবারপ্রধানকে ফ্যামিলি কার্ড ও ভাতা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ কর্মসূচি বাস্তবায়নে ২০২৬-২৭ অর্থবছরে ১৪ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এর মধ্যে ১২ হাজার ৩০০ কোটি টাকা ভাতা হিসেবে বরাদ্দ দেওয়া হয়েছে।
Leave a Reply