
নোয়াখালীর সুবর্ণচরে কৃষিজমিতে ইটভাটা স্থাপন ও ইট তৈরির জন্য কৃষিজমি থেকে মাটি কাটার অভিযোগে তিনটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন। একই সঙ্গে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন ভাটার মালিককে দুই লাখ টাকা করে মোট ছয় লাখ টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে উপজেলার চরজব্বর ইউনিয়নের পশ্চিম চরজব্বর গ্রামে পপুলার ব্রিকস, তাহেরা ব্রিকস ও জহুরা ব্রিকসে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পপুলার ব্রিকসের মালিক মো. আব্দুল আজিজকে দুই লাখ টাকা, তাহেরা ব্রিকসের মালিক শাহাদাত হোসেনকে দুই লাখ টাকা এবং জহুরা ব্রিকসের মালিক জামাল উদ্দিনকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে কৃষিজমি থেকে ইটের কাঁচামাল তৈরির জন্য মাটি কাটা এবং কৃষিজমিতে ইটভাটা স্থাপনের অপরাধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইনে তাঁদের জরিমানা করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে ইটভাটাগুলো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সুবর্ণচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ছেনমং বলেন, ‘কৃষিজমি রক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে অবৈধভাবে কৃষিজমি থেকে মাটি কাটা ও কৃষিজমিতে ইটভাটা স্থাপনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে। কেউ আইন অমান্য করলে মোবাইল কোর্টের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
তিনি আরও বলেন, ‘কৃষিজমি যাতে ইটভাটার কাঁচামাল সংগ্রহ বা ভাটা স্থাপনের কাজে ব্যবহার না হয়, সে বিষয়ে প্রশাসনের নজরদারি অব্যাহত থাকবে।’
উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সমন্বয়ে পরিচালিত অভিযানে পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক রায়হান মোর্শেদ, চরজব্বর থানা-পুলিশ, ব্যাটালিয়নের সদস্য এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
Leave a Reply