1. admin@dainikamarekush.com : amar123 :
  2. newsamarekush@gmail.com : md arif : md arif
  3. newsamarekush1@gmail.com : dainik staf1 : dainik staf1
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন

সাতক্ষীরায় উদীচীর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সংবর্ধনা পেলেন ছয় গুণীজন

সাতক্ষীরা প্রতিনিধি:
  • Update Time : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
  • ৩৮ Time View
মুক্তিযুদ্ধ, চিকিৎসাসেবা ও সাংস্কৃতিক অঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সাতক্ষীরায় ছয় গুণীজনকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী সাতক্ষীরা জেলা সংসদ। সংগঠনটির ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা, আবৃত্তি ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে  শহরের শহীদ নাজমুল সরণির ম্যানগ্রোভ সভাঘরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী সাতক্ষীরা জেলা সংসদের সভাপতি শেখ সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে সংবর্ধিত ছয় গুণীজন হলেন বীর মুক্তিযোদ্ধা কাজী রিয়াজ, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোস্তফা নুরুল আলম, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. মোসলেম, চিকিৎসক ডা. মো. এবাদুল্লাহ, বরেণ্য সংগীতশিল্পী আবু আফ্ফান রোজবাবু এবং সংগীতশিল্পী চৈতালি মুখার্জী।
সংবর্ধিত বীর মুক্তিযোদ্ধা কাজী রিয়াজ মহান মুক্তিযুদ্ধে সংগঠক হিসেবে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোস্তফা নুরুল আলম ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. মোসলেম মুক্তিযুদ্ধের সময় সম্মুখযুদ্ধে অংশ নিয়ে দেশমাতৃকার স্বাধীনতার জন্য লড়াই করেন। চিকিৎসাসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি পান ডা. মো. এবাদুল্লাহ। তিনি কর্মজীবনের শেষ পর্যায়ে সাতক্ষীরা সদর হাসপাতালের সিভিল সার্জন হিসেবে দায়িত্ব পালন করেন। অসহায় ও সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে স্বল্পমূল্যে চিকিৎসাসেবা দেওয়ার পাশাপাশি সামর্থ্যহীন রোগীদের বিনা মূল্যে বা স্বল্পমূল্যে চিকিৎসাসেবা দিয়ে এলাকায় ‘গরিবের ডাক্তার’ হিসেবে পরিচিতি লাভ করেন।
অন্যদিকে, বরেণ্য সংগীতশিল্পী আবু আফ্ফান রোজবাবু টেলিভিশন ও বেতারের উচ্চমানের শিল্পী তালিকায় অন্তর্ভুক্তির স্বীকৃতি পেয়েছেন। দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশিষ্ট সংগীতশিল্পী চৈতালি মুখার্জী জাতীয় মানের শিল্পী হিসেবে মর্যাদা অর্জন করেছেন। সংগীতচর্চা ও পরিবেশনার মধ্য দিয়ে দুজনই সাতক্ষীরার সাংস্কৃতিক অঙ্গনে স্বতন্ত্র পরিচিতি গড়ে তুলেছেন।
অনুষ্ঠানের শুরুতে সভাপতি, সংবর্ধিত গুণীজন, উপদেষ্টা ও সাধারণ সম্পাদককে মঞ্চে আসন গ্রহণের আহ্বান জানানো হয়। এরপর সংগঠনের সংগীতবিষয়ক সম্পাদক বিউটি চক্রবর্তীর নেতৃত্বে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়।
আলোচনা সভায় বক্তব্য দেন উদীচী সাতক্ষীরা জেলা সংসদের উপদেষ্টা ও শিক্ষাবিদ অধ্যক্ষ আব্দুল হামিদ, সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মুফতি ড. আক্তারুজ্জামান, উদীচী সাতক্ষীরার সাবেক সভাপতি ও আবৃত্তিশিল্পী মনিরুজ্জামান ছট্টু, সহসভাপতি কমরেড আবুল হোসেন, উন্নয়নকর্মী মাধব দত্ত, সাহিত্য সংস্কৃতি সংস্থার খুলনা বিভাগীয় সভাপতি এস এম আয়ুব আলী এবং কবি কিশোরী মোহন দাশসহ অন্যরা।
আলোচনা শেষে সংগঠনের পক্ষে সভাপতি শেখ সিদ্দিকুর রহমান ও সাধারণ সম্পাদক সুরেশ পান্ডে সংবর্ধিত ছয় গুণীজনের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। সংবর্ধনা গ্রহণের পর গুণীজনেরা পর্যায়ক্রমে তাঁদের অনুভূতি প্রকাশ করেন। আয়োজকদের মতে, মুক্তিযুদ্ধ, চিকিৎসাসেবা ও সংগীতসহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের সম্মাননার মধ্য দিয়ে সমাজে ইতিবাচক কাজের স্বীকৃতি দেওয়ার একটি দৃষ্টান্ত স্থাপিত হয়েছে।
আলোচনা ও সংবর্ধনা পর্বের পাশাপাশি অনুষ্ঠানে আবৃত্তি ও সংগীত পরিবেশিত হয়। আবৃত্তি করেন মনিরুজ্জামান ছট্টু। সংগীত পরিবেশন করেন আবু আফ্ফান রোজবাবু, চৈতালি মুখার্জী, বিউটি চক্রবর্তী, অদ্বিতীয়া মুখার্জী। শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
অনুষ্ঠানটি উপস্থাপনা করেন শেখ মোসফিকুর রহমান মিল্টন ও কবি মৃত্যুঞ্জয় কুমার বিশ্বাস। সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
উদীচীর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজনের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের চেতনা, মানবসেবা ও সাংস্কৃতিক অঙ্গনে অবদান রাখা গুণীজনদের সম্মান জানানোর পাশাপাশি সাতক্ষীরার সাংস্কৃতিক অঙ্গনে এক মিলনমেলার আবহ তৈরি হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category