
রপ্তানিমুখী শিল্পের জন্য প্রি-শিপমেন্ট ক্রেডিট বা রপ্তানির আগে ঋণ সুবিধার পুনঃঅর্থায়ন তহবিল বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। এ স্কিমের আওতায় তহবিলের পরিমাণ ৫ হাজার কোটি টাকা থেকে বাড়িয়ে ৭ হাজার কোটি টাকা করা হয়েছে। একই সঙ্গে নতুন ঋণের ক্ষেত্রে গ্রাহক পর্যায়ে সর্বোচ্চ ৬ শতাংশ সুদ নির্ধারণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১ এ সংক্রান্ত সার্কুলার জারি করেছে।
বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে বলা হয়েছে, রপ্তানিমুখী শিল্পপ্রতিষ্ঠানগুলোকে প্রি-শিপমেন্ট ক্রেডিটের মাধ্যমে ঋণ সহায়তা দিয়ে রপ্তানি কার্যক্রম সচল রাখা এবং বৈদেশিক মুদ্রা আয় বাড়ানোর লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বাংলাদেশ ব্যাংকের নিজস্ব অর্থায়নে গঠিত ১০ হাজার কোটি টাকার রপ্তানি সহায়তায় প্রাক-অর্থায়ন তহবিল (ইএফপিএফ) থেকে আরও ২ হাজার কোটি টাকা প্রি-শিপমেন্ট ক্রেডিট পুনঃঅর্থায়ন স্কিমে স্থানান্তর করা হয়েছে। এতে এ স্কিমের মোট তহবিল দাঁড়িয়েছে ৭ হাজার কোটি টাকা। আর ইএফপিএফে অবশিষ্ট থাকছে ৩ হাজার কোটি টাকা।
সার্কুলার অনুযায়ী, এ স্কিমের আওতায় নতুন ঋণ বিতরণে অংশগ্রহণকারী ব্যাংকগুলো গ্রাহকদের কাছ থেকে সর্বোচ্চ ৬ শতাংশ সুদ নিতে পারবে। বিপরীতে বাংলাদেশ ব্যাংক থেকে পুনঃঅর্থায়ন সুবিধা নেওয়ার জন্য ব্যাংকগুলোকে ৩ শতাংশ সুদ দিতে হবে।
এদিকে, নির্ধারিত সময়সূচি অনুযায়ী পুনঃঅর্থায়নের অর্থ পরিশোধে ব্যর্থ হলে অনাদায়ী সময়ের জন্য সংশ্লিষ্ট ব্যাংককে ব্যাংক রেটে সুদ দিতে হবে।
তবে পুনঃঅর্থায়ন নেওয়া ব্যাংক চাইলে নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার আগেই পুরো অর্থ পরিশোধ করতে পারবে। একই সঙ্গে আংশিক অর্থ সমন্বয়ের সুযোগও রাখা হয়েছে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, প্রি-শিপমেন্ট ক্রেডিট পুনঃঅর্থায়ন স্কিমের অন্যান্য শর্ত ও নির্দেশনা আগের মতোই বহাল থাকবে। নতুন এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।
Leave a Reply