প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শুধু পুঁথিগত লেখাপড়া দিয়ে বর্তমান বিশ্বকে জয় করা সম্ভব নয়। শিশু-কিশোরদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, সংস্কৃতি ও বিদেশি ভাষা চর্চার মাধ্যমে আন্তর্জাতিক মানের নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে খুলনা জেলা স্টেডিয়ামে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
খুলনা জেলা স্টেডিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে দেশের পাঁচ শতাধিক উপজেলা, পৌরসভা ও জেলা পর্যায়ের বিভিন্ন ইউনিট ভার্চুয়ালি সংযুক্ত ছিল।
অনুষ্ঠানে শিশু-কিশোরদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘আজকের বাংলাদেশ নতুন প্রজন্মের। দেশের প্রকৃত মালিক শিশু ও তরুণরাই। তাই তাদের শুধু ডাক্তার, ইঞ্জিনিয়ার কিংবা আইনজীবী হওয়ার লক্ষ্য নিয়ে পড়াশোনায় সীমাবদ্ধ থাকলে চলবে না, বরং বিশ্বমঞ্চে দেশকে নেতৃত্ব দিতে হলে বহুমুখী প্রতিভায় দক্ষ হতে হবে।’
তিনি আরও বলেন, ‘তোমরা প্রমাণ করেছ তোমরা পার। ইউ ক্যান ডু ইট। লেখাপড়ার পাশাপাশি তোমাদের শিল্প, সংস্কৃতি ও খেলাধুলাতেও সমান পারদর্শী হতে হবে। তুমি শুধু লেখাপড়া দিয়ে বিশ্বকে জয় করতে পারবে না। বিশ্বজয়ের জন্য শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়া—সব ক্ষেত্রে উৎকর্ষ অর্জন প্রয়োজন।’
সরকারপ্রধান বলেন, ‘বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকার জন্য মাতৃভাষা ও ইংরেজির পাশাপাশি শিশুদের একটি তৃতীয় আন্তর্জাতিক ভাষা শেখার সুযোগ তৈরি করা হবে। ভাষা, শিক্ষা ও ক্রীড়াক্ষেত্রে দক্ষ হয়ে উঠলে বিশ্বের বুকে বাংলাদেশকে কোনো জাতি আটকে রাখতে পারবে না।’
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসরে ১০টি ক্রীড়া ইভেন্টে দেশব্যাপী ১৬ লক্ষাধিক শিশু-কিশোর প্রতিযোগী হিসেবে অংশ নিচ্ছে। দেশজুড়ে শুরু হওয়া তৃণমূল পর্যায়ের এ প্রতিযোগিতা আগামী জুন মাসে চূড়ান্ত পর্বের মধ্য দিয়ে শেষ হবে। শিশুদের এই বিপুল অংশগ্রহণকে স্বাগত জানিয়ে সরকার পর্যায়ক্রমে তাদের জন্য পর্যাপ্ত সুযোগ-সুবিধা ও অনুকূল পরিবেশ নিশ্চিত করবে।
উদ্বোধনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হকসহ খুলনা জেলার বিভিন্ন স্কুলের শিক্ষার্থী, মাদরাসা শিক্ষার্থীসহ শিক্ষক ও নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
<p style="text-align: center; ">সম্পাদক ও প্রকাশক :মনোয়ারা জাহান। প্রধান সম্পাদক : লে: কমান্ডার কে এম জাহাঙ্গীর আলম বিএন (অবঃ), বার্তা সম্পাদক : আরিফ বিল্লাহ। সম্পাদক কর্তৃক ৪৬, বড় মির্জাপুর রোড থেকে প্রকাশিত, অনির্বাণ প্রেস এন্ড পাবলিকেশন , বড় মির্জাপুর রোড, খুলনা থেকে মুদ্রিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৫১, শামসুর রহমান রোড, খুলনা। ০১৭১২-২৫৩৫১৯ / newsamarekush@gmail.com</p>
দৈনিক আমার একুম