দেশের শিল্পকারখানা ও অর্থনীতিকে অস্থিতিশীল করার যে কোনো অপচেষ্টা প্রতিহত করার হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, শিল্পাঞ্চলে নাশকতা কোনোভাবেই বরদাশত করা হবে না।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) খুলনায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর উদ্বোধনে সফরকালে খুলনার ডাকবাংলো মোড়ে আয়োজিত এক পথসভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
মিল-কলকারখানা দেশের অর্থনীতি ও শ্রমজীবী মানুষের প্রাণ উল্লেখ করে সরকারপ্রধান বলেন, অতীতে যারা মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছিল এবং গণতন্ত্র ধ্বংস করেছিল, তারা এখন দেশের শিল্প খাত ধ্বংসের পাঁয়তারা চালাচ্ছে। ২০২৪ সালে জনগণ যেভাবে ঐক্যবদ্ধ হয়ে স্বৈরাচারকে বিতাড়িত করেছে, একইভাবে যে কোনো দেশবিরোধী ষড়যন্ত্র রুখে দেওয়া হবে।
তিনি বলেন, ‘মিল-কারখানাগুলো এ দেশের মানুষের এবং জাতীয় সম্পদ। এখানে লাখ লাখ মেহনতি মানুষ দিনরাত পরিশ্রম করে দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এই শিল্পপ্রতিষ্ঠানগুলোতে আঘাত আসা মানে দেশের অর্থনীতির পায়ে কুড়াল মারা। কোনো দেশপ্রেমিক নাগরিক বা প্রকৃত শ্রমিক কখনো কারখানার ক্ষতি করতে পারে না।’
তিনি আরও বলেন, বিগত দিনে যারা মানুষের বাকস্বাধীনতা ও ভোটাধিকার হরণ করেছিল, তারাই আজ নতুন করে শিল্পাঞ্চলে বিশৃঙ্খলা ও অরাজকতা সৃষ্টির ষড়যন্ত্র করছে।
এ ধরনের নাশকতা কোনোভাবেই বরদাশত করা হবে না জানিয়ে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
নতুন প্রজন্মকে দেশের ভবিষ্যৎ উল্লেখ করে তারেক রহমান বলেন, আমরা আমাদের প্রত্যাশিত নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই। সেই লক্ষ্যে ‘নতুন কুঁড়ি’র মতো উদ্যোগের মাধ্যমে এমন একটি ভবিষ্যৎ প্রজন্ম তৈরি করতে চাই, যারা কেবল শিক্ষায় নয়—সংস্কৃতি, ক্রীড়া ও নৈতিকতায় সেরা হয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশকে মর্যাদার আসনে তুলে ধরবে। জনগণের গণতান্ত্রিক বুনিয়াদকে শক্তিশালী করে সব ষড়যন্ত্রেও জাল ছিন্ন করে আমরা একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলব।
এসময় উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, খুলনা-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল, খুলনা সিটি করপোরেশনর প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু প্রমুখ।
<p style="text-align: center; ">সম্পাদক ও প্রকাশক :মনোয়ারা জাহান। প্রধান সম্পাদক : লে: কমান্ডার কে এম জাহাঙ্গীর আলম বিএন (অবঃ), বার্তা সম্পাদক : আরিফ বিল্লাহ। সম্পাদক কর্তৃক ৪৬, বড় মির্জাপুর রোড থেকে প্রকাশিত, অনির্বাণ প্রেস এন্ড পাবলিকেশন , বড় মির্জাপুর রোড, খুলনা থেকে মুদ্রিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৫১, শামসুর রহমান রোড, খুলনা। ০১৭১২-২৫৩৫১৯ / newsamarekush@gmail.com</p>
দৈনিক আমার একুম