রাজধানীতে অনুষ্ঠেয় দুই দিনব্যাপী ‘বাংলাদেশ সোলার এক্সপো-২০২৬’ পরিদর্শনে শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। একই সঙ্গে শিক্ষা বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা, নবায়নযোগ্য জ্বালানির সম্ভাবনাময় প্রতিষ্ঠানের প্রধান এবং প্রশাসনিক ও কারিগরি কর্মকর্তাদেরও মেলায় অংশ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
আগামী ৩ ও ৪ নভেম্বর রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ প্রদর্শনী অনুষ্ঠিত হবে। বিদ্যুৎ বিভাগ ও ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের (ইডকল) যৌথ উদ্যোগে আয়োজিত এ প্রদর্শনীতে সৌরবিদ্যুতের আধুনিক প্রযুক্তি ও বিভিন্ন সেবা তুলে ধরা হবে।
সোমবার (২ নভেম্বর) মাউশির সাধারণ প্রশাসন শাখা থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিদ্যুৎ বিভাগের চিঠির পরিপ্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর ও সংস্থার ফোকাল পয়েন্ট কর্মকর্তা, নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের সম্ভাবনাময় প্রতিষ্ঠানের প্রধান এবং সংশ্লিষ্ট প্রশাসনিক ও কারিগরি কর্মকর্তাদের মেলা পরিদর্শনের অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা যাতে মেলায় গিয়ে সৌরপ্রযুক্তির আধুনিক উদ্ভাবন ও সেবামূলক স্টলগুলো ঘুরে দেখতে পারেন, সে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।
শিক্ষা খাতে পরিবেশবান্ধব ও টেকসই জ্বালানির ব্যবহার বাড়ানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
<p style="text-align: center; ">সম্পাদক ও প্রকাশক :মনোয়ারা জাহান। প্রধান সম্পাদক : লে: কমান্ডার কে এম জাহাঙ্গীর আলম বিএন (অবঃ), বার্তা সম্পাদক : আরিফ বিল্লাহ। সম্পাদক কর্তৃক ৪৬, বড় মির্জাপুর রোড থেকে প্রকাশিত, অনির্বাণ প্রেস এন্ড পাবলিকেশন , বড় মির্জাপুর রোড, খুলনা থেকে মুদ্রিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৫১, শামসুর রহমান রোড, খুলনা। ০১৭১২-২৫৩৫১৯ / newsamarekush@gmail.com</p>
দৈনিক আমার একুম